বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের সময় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলটি এগিয়ে আসার সময় মধুমতি নদীর এপারে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

ঘটনার কারণে খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষের পর সেতুর আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, এসআরবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন। পুলিশ সুপার বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর