মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে জড়ো হওয়ার পর বিক্ষোভকারীরা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল আটকে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বিক্ষোভকারীরা তাতীবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগানসহ মিছিল করেন।
প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আজকের পত্রিকা





