চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে আগুন লেগে ভবনের একাংশ পুড়ে গেছে। রোববার ভোরে দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাবইরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ভোরে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে যান। পরে তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর বলেন, তাঁদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন রাতের আঁধারে এ ধরনের অগ্নিসংযোগ করছে। তিনি ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানান।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ১১ নভেম্বর রাতে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ১৯ নভেম্বর রাতে ষাটনল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধে থাকা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা হয়।

সূত্র: আজকের পত্রিকা