কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় সাতজনকে মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছে।
রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাহারছড়া উপকূল দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে। রোববার ভোর ৪টার দিকে অভিযানে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা না মেনে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।
বোটে তল্লাশি চালিয়ে ৩১৭ জনকে উদ্ধার এবং সাতজনকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার, টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করছিল।
উদ্ধার ব্যক্তিদের, জব্দ বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
সূত্র: আমার দেশ





