টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী গ্রামের ওই বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের দলটির নেতৃত্বে ছিলেন ভূঞাপুর থানার উপপরিদর্শক রুবেল ও চঞ্চল। অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিমও উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে এবং প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ, দিনাজপুরের বিরল উপজেলার বেলতলী গ্রামের কলিম উদ্দিনের ছেলে চালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম।

স্থানীয় সূত্রের ভাষ্য, সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম মদের বোতলগুলো রঞ্জু মন্ডলের বাড়িতে নিয়ে আসেন। বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং টি-টেবিলের নিচে আধা বস্তা মদ রাখা ছিল।

ওসি একেএম রেজাউল করিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: আজকের পত্রিকা