নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি ও তিনটি বোটসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ সুপারির আনুমানিক মূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শনিবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়া স্টেশন লাল বয়া-সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি করে সুপারি ও ২৫ জনকে আটক করা হয়। জব্দ সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান সুমন আল মুকিত।
সূত্র: আজকের পত্রিকা






