কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও যোগ দেন বলে জানা গেছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত চার পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় জামায়াত ও বিএনপির একাধিক নেতা-কর্মী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে বলে জানা গেছে। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মহাসড়ক ছাড়ছেন না।
চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
সূত্র: আজকের পত্রিকা





