নাটোরের বড়াইগ্রামে আছিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যুর পর তাঁর মরদেহে তিন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন স্বজনেরা। পুলিশ শনিবার স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আছিয়া উপজেলার নগর ইউনিয়নের মনপিরিত গ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনেরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মরদেহ বাড়িতে নেওয়ার পর গোসল করানোর প্রস্তুতির সময় আঘাতের চিহ্নগুলো চোখে পড়ে বলে জানান আছিয়ার বোন মিনা বেগম। তাঁর ভাষ্য, প্রায় ২৫ বছর আগে আবদুল মান্নানের সঙ্গে আছিয়ার বিয়ে হয়েছিল। চিহ্নগুলো দেখে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে জানান।
আছিয়ার ছেলে আশিক বলেন, ডায়রিয়ার কারণে তাঁর মাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এসেছে, তা তাঁরা জানেন না।
আছিয়ার স্বামী আবদুল মান্নান জানান, ১৭ নভেম্বর আছিয়ার ডায়রিয়া ও বমি শুরু হয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আছিয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা





