রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাস এবং মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবারের পৃথক ঘটনায় যানবাহন দুটির কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ১০ নম্বর ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীতে বাসটিতে গানপাউডার দিয়ে আগুন লাগানো হয়। বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান ওসি হাফিজুর রহমান।

অন্যদিকে, শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের বসিলা সড়কে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাড়িটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ভোরে সড়কের পাশে একটি গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র: আমার দেশ