রংপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনায় পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন বন্ধ হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। সম্মেলনের ব্যানার ও ফেস্টুনও ছেঁড়া হয়।

সম্মেলন চলার সময় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। পরে হিন্দু নেতাদের একটি পক্ষ রংপুর জেলা কমিটির সাবেক সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজনকে আওয়ামী লীগের দোসর বলে মারধর করে এবং সম্মেলনের ব্যানার ছিঁড়ে ফেলে।

পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার অভিযোগ, বিএনপির ব্যানার ব্যবহার করে হিন্দু নেতাদের একটি পক্ষ সম্মেলন পণ্ড করার চেষ্টা করেছে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রাম জীবন কুন্ডু।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, সম্মেলনের বিষয়ে পুলিশ আগে থেকে জানত না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: চ্যানেল আই অনলাইন