পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদার রাহুলের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন গোপালের বড় ভাই সুমন চন্দ্র হালদার। এজাহারে নাম থাকা অপর পাঁচজন হলেন আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)।
এজাহারে বলা হয়েছে, ২০২৬ সালের ৬ আগস্ট একটি সংবাদমাধ্যমে মিরাজের বিরুদ্ধে জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার সময় ভুয়া নথি ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন গোপাল। পরে গেজেট থেকে নাম বাদ দেওয়ার জন্য মিরাজ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ ছিল। প্রতিবেদন প্রকাশের পর থেকে মিরাজ ক্ষুব্ধ ছিলেন এবং গোপালকে হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। এ নিয়ে গোপাল আগে থানায় সাধারণ ডায়েরিও করেন।
এজাহারের ভাষ্য, বিদেশি একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ছাত্রশক্তির এক নারী নেত্রীর চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভিডিও প্রকাশের বিষয়টি সামনে আসার পর বিরোধ বাড়ে। ওই ভিডিও ছড়ানো এবং আগের প্রতিবেদন প্রকাশের জের ধরে আসামিরা লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। মিরাজের হাতে থাকা নানচাকুর আঘাত এড়াতে গিয়ে গোপালের বাঁ পায়ের পাতায় আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ আছে।
সুমন চন্দ্র হালদার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।’
হামলার পরদিন গোপালের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন সংগঠনটির জেলা যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম রিপা। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষই থানায় মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তার ফুটওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে হামলার শিকার হন গোপাল।
সূত্র: আজকের পত্রিকা






