কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহল এলাকায় স্বামীর গোপনাঙ্গে বঁটি দিয়ে আঘাত করার অভিযোগে তাসলিমা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত তাঁর স্বামী মিলন মিয়া (৬০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মিলন ওই এলাকার মেহর আলী ওরফে হাসু ফকিরের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, স্বামী পরকীয়ায় জড়িত—এমন সন্দেহ করতেন তাসলিমা। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শনিবার রাতেও বিষয়টি নিয়ে তাঁদের ঝগড়া হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিরোধের জেরে রোববার ভোরে ঘুমন্ত স্বামীর ওপর হামলা করেন তাসলিমা। আহত মিলনকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাসলিমাকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: ভোরের কাগজ





