পাবনার বেড়া মডেল থানার সামনে মশাল মিছিল থেকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
বেড়া মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশ ব্যবস্থা নিলে মিছিলকারীরা সরে যায়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগের দিন শনিবার বিকেলে মহিলা আওয়ামী লীগের একদল কর্মী মিছিল নিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে রাতে বিশেষ অভিযানে চার নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে ভোরে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রাম থেকে মশাল মিছিলটি বের হয়।
মিছিলটি ডাকবাংলো এলাকা ঘুরে থানার ফটকে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে স্লোগান দেন এবং সকালের মধ্যে গ্রেপ্তার চারজনকে ছেড়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তাঁরা থানার দিকে ককটেল ছোড়েন ও আগুন দেওয়ার চেষ্টা করেন।
থানা এলাকা থেকে সরে যাওয়ার পর মিছিলকারীরা শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশে আবার মশাল মিছিল করেন এবং সড়কে টায়ার জ্বালান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পাবনা-ঢাকা পথে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর করা হয়। পুলিশের তৎপরতা বাড়লে তাঁরা এলাকা ছেড়ে চলে যান।
ওসি জানান, থানায় হামলার ঘটনায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার চার নারীর বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
ঘটনার প্রতিবাদে ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর





