নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রানাকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ হামলার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে নিজের কার্যালয়ে ছিলেন রানা। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের তালু ও ডান কাঁধে আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইশা জানান, রানার ডান কাঁধ ও হাতে গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি করেছেন।
অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে বিশকাকুনি ইউনিয়নের ধলা গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়ি রয়েছে। এ ছাড়া আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের বাড়ি ও আমেরিকাপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি এবং বড়রুহী, পুটিকা ও বাদে পুটিকা গ্রামে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়।
ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে তাঁরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, কাউকে আটকও করা হয়নি। তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত হয়নি; এ বিষয়ে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আমার দেশ







