গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে এবং মাওনা চৌরাস্তায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিস্ফোরণ দুটি ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রের ভাষ্য, রাত ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনের মহাসড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর পথচারী ও রিকশা-অটোরিকশার চালকেরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার কারণে মার্কেটের ব্যবসায়ী ও সড়কের পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।

ইয়াকুব আলী সুপার মার্কেটের বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, উড়ালসেতু থেকে পড়ে ককটেল দুটি বিস্ফোরিত হয়। একটি পাশের দোকানে ঢোকার অল্প আগে বিস্ফোরিত হয় বলে তিনি জানান।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে ইউএনওর সরকারি বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ইউএনও মো. নাহিদ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি নিরাপদে আছেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাওনা চৌরাস্তার ঘটনাস্থলে শ্রীপুর থানার উপপরিদর্শক আবুল বাশার ও মোশাররফ হোসেন যান। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: আমার দেশ