রাজধানীর পল্লবীতে ভাড়াটিয়াদের মধ্যে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

আনোয়ার একটি বুটিক প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রিয় নামের এক তরুণ জানান, মিরপুর ৬ নম্বর সেকশনে আদর্শ স্কুলের পেছনের একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে আনোয়ারের সঙ্গেও বিরোধ বাধে।

প্রিয়র ভাষ্য, এক ভাড়াটিয়া নারী, তাঁর ছেলে আরিফসহ কয়েকজন আনোয়ারকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে।

সূত্র: আমার দেশ