তুরাগ নদ থেকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের এক মাস পরও তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এই তিন সম্ভাবনা ধরে তদন্ত করছে নৌ পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। তাহসিফের বাসা, একটি হোটেল, একটি বার এবং টঙ্গীর মাজার রোড বস্তি এলাকার সিসিটিভি ফুটেজ, ফোনের তথ্য ও অন্যান্য আলামতও যাচাই করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য মেলেনি।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, “তদন্ত চলমান রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় যেসব বিষয় আসবে সেসব নিয়ে কিছু বলার সুযোগ নাই। এখনো আমাদের বলার মতো- কংক্রিট কিছু নাই।”

শেষ রাতের ঘটনাপ্রবাহ যাচাই

গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বন্ধুস্থানীয় ছোট ভাই দীপের সঙ্গে বের হন তাহসিফ। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, তাঁরা উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান; সেখানে তাহসিফের পরিচিত এক তরুণীও তাঁদের সঙ্গে যোগ দেন। দীপের জিজ্ঞাসাবাদের বরাতে এক কর্মকর্তা জানান, ওই তরুণীর সঙ্গে মনোমালিন্যের পর তাহসিফ তাঁকে বাসার সামনে নামিয়ে দিয়ে দীপকে নিয়ে টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় যান।

পুলিশের কাছে দীপ দাবি করেছেন, ওই এলাকায় পুলিশের পোশাক পরা দুজনকে দেখে তাঁরা আলাদা দিকে দৌড়েছিলেন। পরে ওই দুজন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাহসিফের সঙ্গে আসার কথা জানালে চলে যেতে বলেন। দীপের দাবি, এরপর তাহসিফের সঙ্গে তাঁর আর দেখা হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মাকে ভয়েস বার্তা পাঠিয়ে বলেন, ‘আসতেছি, রওনা দিছি’। এর চার মিনিট পর দীপ বাসার দারোয়ানকে ফোন করে ফিরতে দেরি হবে বলে জানান। রাত আড়াইটার দিকে তিনি বাসায় ফেরেন। এই সময় তাহসিফ কোথায় ছিলেন এবং কীভাবে তাঁর মরদেহ নদীতে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার রাতে ওই এলাকায় আট সদস্যের একটি পুলিশ টহল দল দায়িত্বে ছিল বলেও জানিয়েছে পুলিশ; দলটির সদস্যদের বক্তব্য যাচাই করা হচ্ছে।

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষমাণ

গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে আঘাতের চিহ্ন না পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়। ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন বলেন, পরীক্ষাগারের প্রতিবেদন পেলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে; তখন মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

মরদেহ উদ্ধারের দুদিন পর, ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি। পরে নৌ পুলিশ দীপ ও জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার দেখায়। তিন দফা রিমান্ড শেষে দীপকে ৮ নভেম্বর এবং দুই দফা রিমান্ড শেষে দিশাকে ৬ নভেম্বর কারাগারে পাঠানো হয়।

তাহসিফের বাবা মনে করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তবে দীপ ও দিশা এতে জড়িত কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ কে এম এনায়েতুল করিম বলেন, “রিপোর্ট হলে বোঝা যাবে বিষয়টা কী।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর