২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনা এবং বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে টেলিকনফারেন্সে বক্তব্য দেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে সম্মেলনে সশরীরে উপস্থিত হতে পারেননি মন্ত্রী।
কায়কোবাদ বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের তৎকালীন আমির শাহ আহমদ শফীর নেতৃত্বে আলেম-ওলামা ও তৌহিদি জনতা শাপলা চত্বরে সমবেত হয়েছিলেন। তাঁর দাবি, ওই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁদের ওপর হামলা চালানো হয়; অনেকে নিহত, আহত ও নির্যাতনের শিকার হন।
মন্ত্রী বলেন, সরকার ওই ঘটনার পাশাপাশি অন্যান্য হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিচারের উদ্যোগ নিয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: আমার দেশ






