কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পৃথক এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের পাশে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল ছোড়ে মোটরসাইকেলে আসা কয়েকজন।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, ককটেলটি বাসভবনের তাঁর নিজ কক্ষের সামনে বিস্ফোরিত হয়। প্রহরার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুটি বোমা ভবনের দেয়ালে লেগে নিচে পড়ে। অন্যটি দোতলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে আগুন ধরায়।

ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নেভান। এতে একটি লেপ ও তোষক পুড়ে যায়। শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান জানান, একটি কক্ষে আগুন লেগেছিল, পরে ব্যাংকের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সূত্র: আমার দেশ