নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার সামনে সড়কে দাঁড় করিয়ে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে কেউ না থাকায় এ ঘটনায় হতাহত হননি কেউ।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, যাত্রী নামিয়ে বাসটি সেখানে পার্ক করে চালক ও তাঁর সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান।
এ সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আশপাশের লোকজন আগুন নেভান। পরে বাসটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
কে বা কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সূত্র: আজকের পত্রিকা





