ঢাকার মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে করিম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত করিম চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চন্দনা গ্রামের মাইনুল রহমানের ছেলে। তিনি মিরপুর-৬ নম্বরের ৮ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন এবং বুটিকসের কর্মচারী ছিলেন।

করিমকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী সাকিবের দাবি, রাত সাড়ে ৮টার দিকে বালতি রাখা ও কাপড় ধোয়া নিয়ে করিম ও আরিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাঁর ভাষ্য, একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে করিমের পিঠের বাঁ পাশে আঘাত করে পালিয়ে যান।

সাকিব জানান, স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর করিমের অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে করিমের মৃত্যুর তথ্য জানান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর