নাটোরের বাগাতিপাড়ায় শনিবার মধ্যরাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মাধববাড়িয়া গ্রামের সেন্টু আলী ওরফে ঠান্ডু (৪৫) এবং হিজলি পাবনাপাড়া গ্রামের মো. আরশেদ আলী (৬০)। পুলিশ জানায়, সেন্টু ফাগুয়ারদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আরশেদ ৪ নম্বর দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানার ৫/৯৮ নম্বর মামলার ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, সেন্টু আলীর বিরুদ্ধে শনিবার রাতে স্যানালপাড়ায় হওয়া মশাল মিছিলে অংশ নেওয়া ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।

সূত্র: আমার দেশ