আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসবের প্রভাবে না পড়ে পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পরিস্থিতি দায়িত্বশীলভাবে সামলে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে যুক্ত করার পাশাপাশি থানায় করা মামলার তদন্তের মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন তিনি। মামলার তদন্তে দায়িত্বশীল হওয়া, বিশেষ করে অপমৃত্যুর মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন অতিরিক্ত আইজি। মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত ও কার্যকরের হার বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।
সভায় অক্টোবরের গুরুত্বপূর্ণ ঘটনা ও দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত হওয়া ও অপহরণসংক্রান্ত মামলার চিত্র তুলে ধরা হয়। মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজা হওয়ার হার নিয়েও আলোচনা হয়।
সূত্র: চ্যানেল আই অনলাইন






