রাজধানীর মতিঝিল ও মিরপুরে শনিবার রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১২টার দিকে আগুন নেভানো হয়।
একই সময়ের কাছাকাছি ভাষানটেক থানার মিরপুর-১৪ এলাকায় টিনশেড বিল্ডিংয়ের বিপরীতে সড়কের পাশে দাঁড়ানো একটি বাসে আগুন দেওয়া হয়। ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভাষানটেকে আগুনে পোড়া বাসটি কিশোরগঞ্জগামী চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর






