চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় স্টেশনমুখী ঢাকা মেইল ট্রেনের দুটি আসনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পাহাড়তলির রেলওয়ে ডক ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, কদমতলীতে পৌঁছালে জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আসন দুটিতে আগুন দেওয়া হয়। রেলকর্মীরা কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। সে সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না।
আগুনের খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন। পরে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে রাখা হয়।
নির্ধারিত সময় অনুযায়ী ঢাকা মেইল রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর সময় সকাল ৭টা।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর






