রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাব্বি আলম রাফসান (২৭) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

রাফসান জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে তাঁদের রিকশাকে আরেকটি রিকশা চাপ দেয়। এরপর চার যুবক তাঁকে ঘিরে ধরে। তাঁদের তিনজনের কাছে চাপাতি ছিল। তাঁকে চাপাতির উল্টো পাশ দিয়ে মারধর করা হয় এবং বাধা দিলে কনুইতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে জীবন বাঁচাতে তিনি ফোনটি ছেড়ে দেন।

ঘটনার পর থানায় গেলে প্রথমে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাননি বলে অভিযোগ করেন রাফসান। তাঁর ভাষ্য, পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি শুনে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। ঘটনার ২৪ ঘণ্টা পরও ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে অগ্রগতির কথা পুলিশ জানায়নি বলে তিনি জানান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, ‘মামলা হয়েছে, উদ্ধারে অভিযান চলছে।’

সূত্র: প্রথম আলো