চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফয়সাল (১৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রাঢ়া কাজীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লাবাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কাজ করত।
স্থানীয়দের ভাষ্য, সকালে সাইকেলে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটির সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে। চালক পালিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সূত্র: আমার দেশ




