রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের হামলায় একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে প্রথম হামলায় উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন লাগেনি। এ ঘটনায় থানায় এজাহার দেওয়ার পর নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়।

শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবার উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা ছোড়ে। একটি বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে; ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, প্রথম হামলার পর নিরাপত্তাকর্মীর সংখ্যা দুজন থেকে বাড়িয়ে চারজন করা হয়েছিল। এরপরও দ্বিতীয় রাতে হামলা হয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রথম রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় রাতের ঘটনায় একটি পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।

সূত্র: একুশে টেলিভিশন