গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ যুবলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন আশরাফী খোকন। কিছুদিন আগে তিনি কাতার থেকে দেশে ফেরেন। শনিবার তাঁর অবস্থান শনাক্ত করে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, আশরাফী খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা এবং আরও কয়েকটি মামলা রয়েছে।

তাঁকে রোববার সকালে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর