রংপুরের তারাগঞ্জে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শ্যালকের সঙ্গে একটি ধর্মীয় মাহফিলে যান জাহাঙ্গীর। রাত সাড়ে ১১টার দিকে শরীর খারাপ লাগার কথা বলে ওষুধ কিনতে বাড়ি যাওয়ার কথা জানান তিনি। শ্যালক মাহফিলে থেকে গেলেও জাহাঙ্গীর সেখান থেকে চলে যান।

অভিযোগ, নিজের বাড়িতে না গিয়ে জাহাঙ্গীর শ্যালকের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে হেফাজতে নেয়। পরে ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো