গাড়ি চালানো শেখানোর সময় এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে আশরাফুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল।
শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্ল্যাকমেলে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। শনিবার বেলা আড়াইটায় এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। প্রশিক্ষণের সময় তিনি নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। লোকলজ্জার ভয়ে বিভিন্ন সময়ে ওই নারী প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন বলে এজাহারে বলা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই নারী একপর্যায়ে আশরাফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হন। সম্প্রতি নারীর ছবি ও ভিডিও তাঁর স্বামীর কর্মস্থলের এক সহকারীর মুঠোফোনে পাঠানোর অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে নারীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নারীর স্বামী গত বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের তিনটি ধারায় মামলা করেন। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়েছে।
এসআরবি-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা জানান, মামলা হওয়ার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা আলামতসহ তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এসআরবি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো




