গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আনা হয় ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তুর্যের মরদেহ। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় ছেলেকে শেষবারের মতো দেখেন বন্দি শারমিন সুলতানা শর্মী।
পরিবার ও কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শর্মী এরপর থেকে কাশিমপুর মহিলা কারাগারে বন্দি রয়েছেন।
শর্মীর বড় ছেলে নিসর্গ গতকাল রাত ১০টার দিকে আকস্মিকভাবে মারা যায়। কারাগারে ছেলের মৃত্যুসংবাদ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
পরিবারের পক্ষ থেকে ছেলের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। মানবিক বিবেচনায় আবেদন মঞ্জুরের পর বিশেষ নিরাপত্তায় কারাগারের ফটকে শর্মীকে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
সূত্র: একুশে টেলিভিশন




