খুলনা নগরে চাঁদা দাবির অভিযোগের মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে গুলিতে মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ আহত হন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন রিপন জানান, ফার্মেসির মালিক মামলা করতে রাজি না হওয়ায় টুটপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়েস মোল্লা বাদী হন। মামলায় নুর আজিমকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে রুবেল ওরফে গরু রুবেল এবং রনিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ফার্মেসির কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা চাওয়া হয়েছিল। হুমকি পাওয়ার পর মালিক প্রায় এক মাস আগে ফার্মেসি বন্ধ করেন। পুলিশের আশ্বাস ও পাহারায় ১৪ নভেম্বর এটি আবার চালু হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ফার্মেসিতে গুলি চালিয়ে পালিয়ে যায়।
খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রেজাউল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কয়েকজন তাঁর বাড়ির ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে এবং একটি বোমার বিস্ফোরণ ঘটায়। গুলির সময় বাড়ির পাশে থাকা জিয়ার বোন নার্গিস পড়ে গিয়ে সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।
লবণচরা থানা এলাকার একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় গুলির ঘটনায় এখনো মামলা হয়নি। ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, মামলা করতে সংশ্লিষ্টদের একাধিকবার বলা হয়েছে; জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শুক্রবার ভোরে প্রতিষ্ঠান দুটি লক্ষ্য করে গুলি করা হয়।
সূত্র: আজকের পত্রিকা




