গোপালগঞ্জে একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়া ও বিভিন্ন স্থানে ভাঙচুরের পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে বাংলাদেশে ফেরার পথে আটক করেছে বিজিবি। শনিবার রাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় তাঁকে আটক করা হয়।

আটক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস-সংলগ্ন এলাকায় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত বলেছেন, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনটির মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত ছিলেন।

সূত্রের ভাষ্য অনুযায়ী, ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পর তিনি হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। শনিবার সেখান থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে বিজিবির এক নায়েক সুবেদার বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: আমার দেশ