রাজধানীর বিমানবন্দর থানায় করা ককটেল বিস্ফোরণের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাকে পাঁচ দিন এবং তাঁর দুই শ্যালককে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডে নেওয়া অন্য দুজন হলেন রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়া মামুন (৪৬)।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পরিদর্শক গোলাম মর্তুজা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে দুই পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করতেন এবং নাশকতার জন্য লোক জড়ো ও অর্থের জোগান দিতেন। মামলার ঘটনার সময়ও তাঁরা অন্য আসামিদের ঘটনাস্থলে জড়ো করে ষড়যন্ত্র করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে—আবেদনে এমন দাবি করা হয়।
আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মামলায় সংশ্লিষ্ট অন্যদের নাম-ঠিকানা জানিয়েছেন। তাঁদের কাছ থেকে নাশকতার পরিকল্পনা ও অর্থের জোগান সম্পর্কে তথ্য পেতে এবং অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
রোববার ভোরে সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাঁর দুই ভাইকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলে থাকা চারজন আহত হন। এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন।
সূত্র: আমার দেশ






