দিনাজপুরের ফুলবাড়ীতে গত সেপ্টেম্বর ও অক্টোবরে বিভিন্ন স্থান থেকে ৭ হাজার ৩৬০ মিটার বিদ্যুতের তার চুরি হয়েছে। এসব ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ফুলবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, রাজারামপুর থেকে চার স্প্যানের প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার এলটি লাইনের তার এবং শাহবাজপুর ফিডারের ধনতলা-বেলপুকুর এলাকা থেকে পাঁচ স্প্যানের প্রায় ০ দশমিক ৯ কিলোমিটার তার চুরি হয়েছে। আমডুঙ্গি গুলায়াপাড়া ফিডারের ১১ কেভি লাইনের তারও চুরি হয়েছে।
এ ছাড়া শহরের সেনা মার্কেটসংলগ্ন মধ্যপাড়া সড়কে সুমন স-মিলের সংযোগের তার, ঢাকা মোড়ের একটি তুলার মিলের তার এবং ফুলবাড়ী কোল্ড স্টোরেজের পেছনের মূল লাইন থেকে পাঁচ স্প্যানের তার নিয়ে গেছে চোরেরা। কৃষ্ণপুর-গোকুল সড়কে চারটি পোলের ১১ কেভি মেইন লাইনের প্রায় ৪০০ মিটার তারও চুরি হয়েছে।
পৌর এলাকার কাঁটাবাড়ীতে কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপ থেকেও কয়েক গজ তার চুরি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, একই স্থানে দ্বিতীয়বারও এ ঘটনা ঘটে। রাতে পুলিশের টহল বাড়ালে চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন তাঁরা।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ৪৪০ ভোল্টের এলটি লাইনে এক স্প্যানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রতিটি স্প্যানে চারটি ডাবল তার থাকে।
ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িতদের অনেকেই মাদকসেবী বলে দেখা গেছে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং অভিযান চলছে।
নেসকোর ফুলবাড়ী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী অমিত কুমার রায় বলেন, বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একাধিক অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় তারসহ অন্যান্য চুরি বন্ধের বিষয়টি আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা





