ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের প্রস্তুতির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে আসা মানুষের পকেটমারার উদ্দেশ্য ছিল তাঁদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করার কথা ছিল ড. মিজানুর রহমান আজহারীর।
মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
আয়োজকদের ধারণা, মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। বিপুল উপস্থিতিকে ঘিরে পকেটমারাসহ অপরাধ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: আমার দেশ





