বরিশালের আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নূরে মদিনা মসজিদের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল স্থানীয়দের সহায়তায় সেখানে যায়। পরে বোমা দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমাগুলো রাখা হয়ে থাকতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে সেগুলো রেখেছে, তা এখনো নিশ্চিত নয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মসজিদের পাশের পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করার পাশাপাশি এর সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আজকের পত্রিকা