রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ ভাড়া নিয়ে আখ ক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই মাঠ সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে নেওয়া ২ লাখ টাকার অনুদানের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রের ভাষ্য, বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতো। সম্প্রতি সেখানে আখ কেনাবেচা, যানবাহন চলাচল ও শ্রমিকদের ভিড় বেড়েছে। ফলে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করা কঠিন হয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের পরিবেশেও প্রভাব পড়ছে বলে অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠ সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরে পিআইও কার্যালয় থেকে ২ লাখ টাকা বরাদ্দ নেয়। মাঠ সংস্কারের পর সেখানে আখ ক্রয়কেন্দ্র চালু হওয়ায় অনুদানের অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ, প্রতি বছর মাঠ সংস্কারের নামে অনুদান নেওয়া হলেও পরে সেখানে আবার আখ ক্রয়কেন্দ্র বসানো হয়।

শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্রয়কেন্দ্রটি অন্যত্র সরিয়ে মাঠ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। মাঠ সংস্কারে বরাদ্দ ২ লাখ টাকার প্রকৃত ব্যয় এবং সংশ্লিষ্ট কাজ তদন্তেরও দাবি করেছেন তাঁরা।

আখ ক্রয়কেন্দ্রের সিআইসি মুক্তা বলেন, বিদ্যালয়ের সঙ্গে কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুক্তি অনুযায়ী মাঠ ব্যবহার করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান, এলাকার আখচাষি ও কৃষকদের অনুরোধে ৬ হাজার ৮০০ টাকার চুক্তিতে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিবেশের স্বার্থে কেন্দ্রটি দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলাধুলা বা স্বাভাবিক পাঠদানে বিঘ্ন ঘটায়—এমন কার্যক্রম চালালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

সূত্র: আমার দেশ