সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মিরুকে ধরতে পুলিশের অভিযান চলছে।
শুক্রবার দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লায় মিরুর বাসায় অভিযান চালায়। পুলিশ পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বাধা দেন। পরিস্থিতির কারণে মিরুকে গ্রেপ্তার না করেই পুলিশ ফিরে যায়।
পরে রাতে এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নলুয়া মহল্লার রাকিব, নারায়ণদহ গ্রামের সাইফুল ইসলাম, নলুয়া দক্ষিণপাড়ার জেলহাস প্রামাণিক আতিক এবং নলুয়া মধ্যপাড়ার সোহেল রানা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিরু বাড়িতে আছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়, তবে তাঁকে পাওয়া যায়নি। পুলিশের গাড়ি বাড়ি পর্যন্ত যেতে না পারায় দলটিকে কিছুটা পথ হেঁটে যেতে হয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে অবরুদ্ধ করেছিলেন বলে জানান ওসি।
ওসি আরও বলেন, গ্রেপ্তার চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। ওই হত্যা মামলার প্রধান আসামি মিরু; মামলাটি এখনো বিচারাধীন।
সূত্র: আমার দেশ





